
“নতুন মজুরিতে আমরা খুশি। আর কোনো আন্দোলন চাই না। এখন থেকে আনন্দের সঙ্গে কাজ করতে চাই।”, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন গাজীপুরের পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার।
বেতন বৃদ্ধির দাবিতে প্রায় এক মাস ধরে চলা আন্দোলন, বিক্ষোভ ও অস্থিরতার পর অবশেষে কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। মজুরি বোর্ডের ঘোষিত নতুন বেতন কাঠামো মেনে নিয়ে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কারখানায় যোগ দিয়েছেন তারা। খুলে দেওয়া হয়েছে আগে বন্ধ ঘোষণা করা কারখানাগুলোও। শ্রমিকদের উপস্থিতিতে শিল্পকারখানাগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা এখনো উৎপাদনে ফেরেনি।
শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সরেজমিনে দেখা যায়, জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা দলে দলে কাজে যোগ দিচ্ছেন। কারখানাগুলোর সামনে শ্রমিকদের উপস্থিতি এবং ভেতরে উৎপাদন কার্যক্রম শুরুর প্রস্তুতিতে ফিরে এসেছে কর্মব্যস্ততা।
জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে শ্রমিক আন্দোলনে উত্তপ্ত ছিল গাজীপুরের শিল্পাঞ্চল। আন্দোলনের প্রভাবে বহু কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রতিদিন শ্রমিকদের বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করতে হতো। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।
তবে নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শ্রমিকরা তা মেনে নিয়ে কাজে ফেরায় পরিস্থিতির উন্নতি হয়েছে। দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে কারখানাগুলোতে আবারও স্বাভাবিক উৎপাদন কার্যক্রম শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে।
ডিভাইন গার্মেন্টসের শ্রমিক রাহিমা ও ইতি আক্তার বলেন, আগে যে বেতন পেতেন, তা দিয়ে মাসের খরচ চালানো কঠিন হয়ে পড়ত। বাড়িভাড়া বেশি, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেশি। সব মিলিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হতো। নতুন বেতন কাঠামোতে তাদের কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন তারা।
কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, “শ্রমিকরা আন্দোলন থেকে বেরিয়ে এসে আনন্দের সঙ্গে কাজে যোগ দিচ্ছেন। এতে শিল্পাঞ্চলে স্বস্তি ফিরে এসেছে। সরকারের নির্ধারিত বেতনে শ্রমিকরা খুশি। কারখানার উৎপাদন স্বাভাবিক থাকলে মালিক ও শ্রমিক উভয় পক্ষই ভালো থাকবেন। পাশাপাশি দেশের পোশাকশিল্পও এগিয়ে যাবে।”
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা ছাড়া অন্য কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করা হচ্ছে, শ্রমিকরা আর আন্দোলনে জড়াবেন না; বরং কাজে মনোযোগী হবেন। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রাখা হয়েছে। ”
এদিকে শনিবার সকাল ৯টা পর্যন্ত জেলার কোথাও নতুন করে শ্রমিক আন্দোলন, বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। দীর্ঘদিনের অস্থিরতার পর শ্রমিকদের কাজে ফেরা এবং কারখানাগুলো খুলে দেওয়ায় গাজীপুরের শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে। এখন শ্রমিকদের প্রত্যাশা, নতুন মজুরি কাঠামোর বাস্তবায়নের পাশাপাশি কর্মপরিবেশ বজায় রেখে নির্বিঘ্নে কাজ করতে পারবেন তারা।

