
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে পরপর দুই রাতে হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে পবার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এর আগের দিনও একই ধরনের হামলার ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাত ২টার দিকে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত উপকেন্দ্রে প্রবেশ করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ ও তিন রাউন্ড গুলি ছোড়ে। তিনটি বোমা বিস্ফোরিত হয়। আরো চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। হামলার পর পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করে। এ ঘটনায় একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, “বৃহস্পতিবার রাতে হামলার পর নিরাপত্তা বাড়ানো হয়েছিল। দায়িত্বে থাকা নিজস্ব লোকবল দুই থেকে চারজনে উন্নীত করা হয়। পাশাপাশি পুলিশকে টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল। এরপরও হামলা ঠেকানো যায়নি।”
তিনি বলেন, “খবর পেয়ে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে থানায় এফআইআর করা হয়েছিল।”
নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, “পরপর দুই দিনের ঘটনায় কর্মীরা আতঙ্কিত। হামলাকারীদের মুখ বাঁধা ছিল। নিরাপত্তাহীনতার মধ্যে রাতে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ছে।”
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরজুন বলেন, “প্রথম দিনও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। শনিবারের ঘটনায় বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা করা হবে।”

