
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে ভোলার মনপুরায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিকল্পিত পরিবার গঠন এবং তরুণদের ভবিষ্যৎ পরিকল্পনায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন, মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব মো. হাফিজ আব্দুর রহিম, ইসলামী ব্যাংক মনপুরা শাখার কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং সাবেক ছাত্রদল নেতা মো. ইকরামুল কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. শাহাবুদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘ছেলে হোক, মেয়ে হোক—দুটি সন্তানই যথেষ্ট।’ তারা বলেন, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিকল্পিত পরিবার গঠন ও আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে জনসচেতনতা বাড়াতে হবে। একটি সুস্থ, সুখী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে পরিকল্পিত পরিবারের বিকল্প নেই।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মো. মনির আহাম্মেদ এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে মিসেস বিলকিস বেগম সম্মাননা লাভ করেন। পরে অতিথিরা তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

