ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসা ব্যয় কমাতে ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক।। দ্য স্টার নিউজ
নভেম্বর ২৮, ২০২৬ ৬:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে যেন কোনো পরিবার দারিদ্র্যের মুখে না পড়ে, সে জন্য স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে ইন্দোনেশিয়ার জাতীয় স্বাস্থ্যবিমা কর্মসূচি ও স্বাস্থ্য অর্থায়ন কাঠামোর অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতের অর্থায়ন, নীতিগত সংস্কার এবং কারিগরি দক্ষতা বিনিময়ে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে অনলাইনে দুই দেশের স্বাস্থ্য খাতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. বুদি জি. সাদিকিন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতের অগ্রাধিকার, বিদ্যমান সমস্যা এবং স্বাস্থ্যব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় চিকিৎসায় ব্যক্তির নিজ পকেট থেকে ব্যয় কমানো, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কৌশল নির্ধারণ।

বাংলাদেশের পক্ষ থেকে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য খাত সংস্কারের অগ্রাধিকার তুলে ধরেন। তিনি টেকসই, ন্যায়সংগত ও জনবান্ধব স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। অর্থের অভাবে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন এবং চিকিৎসার খরচ মেটাতে গিয়ে কোনো পরিবার যেন দারিদ্র্যের শিকার না হয়, সে জন্য কার্যকর আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

বৈঠকে ইন্দোনেশিয়ার জাতীয় স্বাস্থ্যবিমা কর্মসূচি, স্বাস্থ্য অর্থায়ন কাঠামো এবং নিম্ন আয়ের মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার অভিজ্ঞতা তুলে ধরা হয়। বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির কার্যকর উদ্যোগগুলো কাজে লাগানোর সম্ভাবনাও আলোচনা হয়।

এ ছাড়া, দুই দেশের মধ্যে নিয়মিত জ্ঞান, অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়। স্বাস্থ্য খাতের নীতিগত সংস্কার, উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে পারস্পরিক অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধিরা।

ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা ড. প্রাস্তুতি সোয়েওন্দো, পরিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উইসনু ত্রিয়াঙ্গোনো, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান বায়ু তেজা কেসেহাতান এবং ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।


সংবাদটি শেয়ার করুন....