
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারের সময় ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে।
শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রোববার সকাল ৯টায় অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক দেশের সকল নির্বাচনের উপর স্থগিতাদেশের কারণে শাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণায় বিঘ্ন ঘটে। পরবর্তীতে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন শাকসু নির্বাচন ২০ জানুয়ারি অনুষ্ঠানের অনুমতি প্রদান করেন।
“প্রার্থীদের প্রচারণার সুবিধার্ধে শাকসু নির্বাচনের প্রচারণার শেষ সময় ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত বৃদ্ধি করা হলো।”
শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, “প্রার্থীরা মাঝখান দিয়ে কয়েকদিন উদ্ভূত পরিস্থিতিতে প্রচারণা করতে পারেনি।
“শিক্ষার্থীরা এজন্য আমাদের কাছে লিখিত ও মৌখিকভাবে সময় বাড়ানোর জন্য আবেদন করেছিল। সেটা বিবেচনায় সময় বৃদ্ধি করেছে কমিশন।”
শাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস বলেন, “মাঝখানে নির্বাচন স্থগিত থাকায় প্রচারণায় সময় নষ্ট হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রার্থী ও গ্রুপের পক্ষ থেকেও সময় বাড়ানোর আবেদন ছিল।
“কমিশনের বৈঠকে বিষয়টি বিবেচনা করে শিক্ষার্থীদের সুবিধার জন্য ১২ ঘণ্টা প্রচারণার সময় বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়।”
তিনি বলেন, “আচরণবিধি যেহেতু আমরাই তৈরি করেছি, সেহেতু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

