
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারনার দ্বিতীয় দিনে ভোলার মনপুরা উপজেলায় জমজমাট প্রচারনা ও গণসংযোগ চালাচ্ছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল থেকে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় এ প্রচারনা ও গণসংযোগ চালান তিনি।
এসময় উৎসবমূখর পরিবেশে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দ বাজার, আলম বাজার, বাংলাবাজার ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার, কোরালিয়া বাজার, জনতা বাজারের ব্যবসায়ী ও সাধারন ভোটারদের মাঝে গণসংযোগ এবং লিপলেট বিতরন করেন তিনি।

ভোটাররা তাদের পছন্ধের প্রার্থীকে কাছে পেয়ে তাদের দাবি-দাওয়া ও মনের কথা তুলে ধরেন।
এসময় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভোটারদেরকে আশ্বাস দিয়ে বলেন, মনপুরার মানুষের প্রধান সমস্যা নদীভাঙ্গন রোধে টেকসই ব্যবস্থা গ্রহন করা হবে। বিদ্যুৎ সংকট পুরোপুরি নিরসন করা হবে। মনপুরার বিচ্ছিন্ন চরাঞ্চলে বসবাসরত প্রকৃত ভূমিহীন মানুষের মাঝে স্থায়ীভাবে জমি বন্দোবস্ত দেয়া হবে। এবং মনপুরার সাথে ভোলার মূল ভূ-খন্ডের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে।

তিনি আরও বলেন, ভোলা জেলার মানুষ উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা পুরো জেলায় অন্তত জাতীয় মানের চিকিৎসা সেবা নিশ্চিত করবো।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ভোটের পরিবেশ ভালোই রয়েছে। মানুষ ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। এরকম উৎসবমূখর পরিবেশে ভোটাররা ভোট দিতে পারলে ইনশাআল্লাহ ধানের শীষ বিপুল ভোটে বিজয় লাভ করবে।
এদিকে ভোলা-৪ আসনে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন নির্বাচনে অংশ নেয়া সকল দলের প্রার্থী ও সমর্থকরা। ভোটারদের মন জয় করতে উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এ আসন থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টিসহ ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোলা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২ হাজার ২৬ জন।

