
বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের মন্তব্যের জবাবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এ হুঁশিয়ারি দেন তিনি।
আইনমন্ত্রী বলেন, “পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গিয়ে অগ্নিসন্ত্রাসে উসকানি দিচ্ছেন। ক্ষমতার লোভে অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ জ্বালাও-পোড়াও পছন্দ করেন না। সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে। সরকার সব অপরাধের বিষয় আমলে নিচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ বীর শহীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান।
বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।

