ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

অর্জুনের কথিত প্রেমিকাকে কতটা জানেন

বিনোদন ডেস্ক।। দ্য স্টার নিউজ
নভেম্বর ২৮, ২০২৬ ৬:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে অর্জুন কাপুরের অসম প্রেমের খবর কারো অজানা নয়। আড়াই বছর আগে লিভ-ইন সম্পর্কের ইতি টানেন তারা। গত জুলাই মাসে গুঞ্জন চাউর হয়, বায়ান্ন বছর বয়সি মালাইকার সঙ্গে বিচ্ছেদ-বেদনা ভুলে সাহিবা বালি নামে এক যুবতীর প্রেমে ডুব দিয়েছেন এই তারকা। এ নিয়ে বেশ কিছু দিন চর্চার পর তাতে ভাটা পড়ে। ফের আলোচনায় সাহিবা-অর্জুনের প্রেম!

মূলত, একটি ছবিকে কেন্দ্র করে সাহিবা-অর্জুনের প্রেম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগ্রহ তৈরি হয়েছে সাহিবার পরিচয় নিয়েও। ছবিটিতে দেখা যায়, সাহিবা বালির সেলফিতে ফ্রেম বন্দি হয়েছেন অর্জুন কাপুর। বেশ ঘনিষ্ঠভাবে পোজ দেওয়া ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়।

চর্চিত ছবিটির ক্যাপশনে সাহিবা লিখেছেন, “আমি তার ভাগের অর্ধেক প্রসাদও খেয়ে ফেলেছি।” সাহিবার এই ক্যাপশন দেখে অনেকেরই প্রশ্ন, তবে কি সম্পর্কের কথা পরোক্ষেভাবে প্রকাশ করলেন তারা? যদিও প্রেমের গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি সাহিবা কিংবা অর্জুন।

১৯৯৪ সালের ৫ ডিসেম্বর কাশ্মীরি পরিবার জন্মগ্রহণ করেন সাহিবা বালি। তিনি পেশায় অভিনেত্রী ও স্পোর্টস প্রেজেন্টার। পাশাপাশি করপোরেট জগতেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। বিনোদনজগতে পা রাখার আগে পড়াশোনা শেষ করে মার্কেটিং পেশায় যুক্ত হন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নেওয়ার পর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে মার্কেটিং নিয়ে পড়াশোনার পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি বিজনেস প্রোগ্রামেও অংশ নেন।

চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে জোম্যাতোর ‘ফিডিং ইন্ডিয়া’ উদ্যোগে মার্কেটিং অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেন সাহিবা। পরে ব্র্যান্ড ম্যানেজারের দায়িত্বও সামলেছেন। এ সময় বিনোদনজগতের বিভিন্ন অংশীদারত্ব, কনটেন্ট স্ট্র্যাটেজি, ব্র্যান্ড সহযোগিতা, মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জোম্যাতোর ইউটিউব ভিডিওতেও উপস্থাপক হিসেবে দেখা গেছে তাকে।

২০১৮ সালে সাজিদ আলীর রোমান্টিক ঘরানার ‘লায়লা মজনু’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় সাহিবার। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, প্রথমে সিনেমাটিতে তৃপ্তি দিমরির অভিনীত চরিত্রটির জন্য অডিশন দিয়েছিলেন। শেষ পর্যন্ত তাকে নারী প্রধান চরিত্রের বোন আমব্রিনের ভূমিকায় নেওয়া হয়। ২০১৯ সালে নেটফ্লিক্সের ‘বার্ড অব ব্লাড’, ২০২২ সালে ‘তানাভ’ সিরিজে অভিনয় করেন এই অভিনেত্রী।

ইমতিয়াজ আলীর ‘অমর সিং চমকিলা’ সিনেমায় একজন সাংবাদিকের চরিত্রে দেখা গেছে সাহিবাকে। অভিনয়ের পাশাপাশি স্পোর্টস প্রেজেন্টার হিসেবেও পরিচিতি পেয়েছেন সাহিবা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ (আইপিএল) ক্রিকেটের একাধিক বড় আসর উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন সাহিবা। সাক্ষাৎকার নিয়েছেন বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটারেরও।

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২৪ সালের মে মাসে বিচ্ছেদ হয় এই যুগলের। এরপর নানা দিকে জল গড়িয়েছে! এখন সাহিবাকে কেন্দ্র করে চক্রাকারে ঘুরছে অর্জুন কাপুরের নাম।

*দ্য ইকোনোমিক টাইমস অবলম্বনে


সংবাদটি শেয়ার করুন....