
দেশের চামড়া শিল্পের সংকট কাটাতে বন্ধ ও ক্ষতিগ্রস্ত কারখানাগুলো পুনরায় চালুর জন্য পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছে লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ (এলএফবি)। একই সঙ্গে স্বতন্ত্র চামড়া মন্ত্রণালয় অথবা শক্তিশালী লেদার বোর্ড গঠনসহ শিল্পটির উন্নয়নে ১৩ দফা প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
শনিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে অলাভজনক জাতীয় শিল্প-উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ। অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি চামড়া শিল্পের বিদ্যমান সংকট নিরসনে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) গুরুত্বপূর্ণ হলেও এটিই সব সমস্যার সমাধান নয়। খুলনার সুপার এক্স লেদারের মতো প্রতিষ্ঠানের সংকটের উদাহরণ দিয়ে তিনি বলেন, শিল্পের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। রাসায়নিক সরবরাহ, আমদানি-রপ্তানিসহ ব্যবসায়িক কার্যক্রমে কার্যকর সরকারি সহায়তাও প্রয়োজন।
সংগঠনের মহাসচিব ও প্রতিষ্ঠাতা এম মুফাজ্জল ইবনে মাহফুজ বলেন, চামড়া শিল্পের বিভিন্ন খাত, বাণিজ্য সংগঠন, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এলএফবির অন্যতম লক্ষ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটি কাজ করবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম মহাসচিব প্রকৌশলী এ ফাত্তাহ আল মঞ্জুর আসিফ। তিনি বলেন, দেশে চামড়া শিল্পের নিজস্ব কাঁচামাল ও কর্মঠ জনশক্তি থাকলেও দক্ষ মধ্যম সারির জনবলের অভাব, আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের জটিলতার কারণে বিশ্ববাজারে কাঙ্ক্ষিত অবস্থান তৈরি করা যাচ্ছে না।
এসব সীমাবদ্ধতা কাটাতে ছয়টি স্থায়ী কর্মসূচি শাখার মাধ্যমে কাজ করার পরিকল্পনা নিয়েছে এলএফবি। প্রথম বছরের কর্মপরিকল্পনায় এক হাজার কর্মীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া, ৩০টি কারখানাকে পরিবেশবান্ধব আদর্শ কারখানা হিসেবে গড়ে তোলা এবং শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষাসহায়তা বৃত্তি চালুর কথা জানানো হয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ তৈরিতেও কাজ করবে সংগঠনটি।
এলএফবির ১৩ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার আধুনিকায়ন এবং নতুন দুটি সিইটিপি নির্মাণ। এ ছাড়া এক থেকে দুটি বিশেষায়িত চামড়াজাত পণ্য ও জুতা শিল্পপার্ক এবং চার থেকে পাঁচটি নতুন চামড়া শিল্পাঞ্চল স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবনায় আরো রয়েছে পূর্ণাঙ্গ লেদার ও ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সারাদেশে ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণকেন্দ্র ও হিমাগার নির্মাণ এবং সরকারি বিভিন্ন বাহিনীর জুতা ও আনুষঙ্গিক পণ্যে দেশীয় চামড়া ও পাটের ব্যবহার বাধ্যতামূলক করা।
অনুষ্ঠানে চামড়াজাত পণ্য প্রস্তুতকারক সমিতি, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সংগঠনের নেতারা এবং চামড়া শিল্পের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

