ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজ সংকট, অপেক্ষায় ৩৭ মাদার ভেসেল

নিজস্ব প্রতিবেদক।। দ্য স্টার নিউজ
নভেম্বর ২৮, ২০২৬ ৭:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজের সংকটে আমদানি করা পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় লাইটার জাহাজ না পাওয়ায় পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে ৩৭টি মাদার ভেসেল। বহির্নোঙরে অবস্থানরত ৮৫টি মাদার ভেসেলের মধ্যে ৪৮টি থেকে পণ্য খালাস চলছে। বাকি ৩৭টি জাহাজ লাইটার জাহাজের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

জাহাজগুলোতে খাদ্যশস্য, সার, চিনি, স্ক্র্যাপ, সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার, জ্বালানি, শিল্পের কাঁচামাল ও কনটেইনারজাত পণ্য রয়েছে। রমজানকে সামনে রেখে আমদানি করা বিভিন্ন ভোগ্যপণ্যও এসব জাহাজে রয়েছে। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী বেলায়েত হোসেন মিঠু লাইটার জাহাজের সঙ্কটের কথা স্বীকার করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি মাদার ভেসেল থেকে পণ্য খালাসের জন্য একাধিক লাইটার জাহাজ প্রয়োজন হয়। ৫০ হাজার টন ধারণক্ষমতার একটি মাদার ভেসেল থেকে নিয়মিত পণ্য খালাসের জন্য প্রতিদিন পাঁচ থেকে আটটি লাইটার জাহাজ প্রয়োজন হতে পারে। কিন্তু বর্তমানে প্রতিটি মাদার ভেসেলের বিপরীতে গড়ে একটি লাইটার জাহাজ পাওয়া যাচ্ছে। ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (ডব্লিউটিসিসি) জানিয়েছে, রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্য আমদানি বেড়েছে। একই সময়ে বিভিন্ন নদীবন্দরে পণ্যবোঝাই অবস্থায় অনেক লাইটার জাহাজ আটকে রয়েছে। কিছু জাহাজ নির্ধারিত সিরিয়ালের বাইরে অন্য রুটে চলাচল করছে। পাশাপাশি জাহাজমালিকদের একটি অংশের পৃথক কমিটি গঠনের কারণে বরাদ্দ ও পরিচালনা ব্যবস্থায় সমন্বয়হীনতা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট জাহাজমালিকদের তথ্যমতে, চট্টগ্রামের নৌপথে শিল্পপ্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানির নিজস্ব পণ্য পরিবহনে প্রায় ৯০০টি লাইটার জাহাজ ব্যবহৃত হয়। এছাড়া বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের অধীনে ১ হাজার ৫৬টি জাহাজ নিবন্ধিত রয়েছে। এসব জাহাজের নির্ধারিত সিরিয়াল অনুসরণ করে চলাচলের কথা। তবে নিবন্ধিত জাহাজের একটি অংশ সিরিয়াল অনুসরণ না করে অন্য রুটে পণ্য পরিবহন করছে বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে এখন প্রতিদিনের পরিবর্তে তিন দিন পরপর সিরিয়াল বরাদ্দ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী বেলায়েত হোসেন মিঠু জানিয়েছেন, রমজানকে কেন্দ্র করে একসঙ্গে অনেক পণ্যবাহী বড় জাহাজ বন্দরে আসায় লাইটার জাহাজের ওপর চাপ বেড়েছে। কিছু আমদানিকারক লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছেন। আবার কিছু জাহাজ নির্ধারিত সিরিয়াল অনুসরণ না করে কয়লাসহ অন্যান্য পণ্য পরিবহন করছে। আটকে থাকা জাহাজগুলো শনাক্ত করে এক সপ্তাহের মধ্যে সংকট কমানো এবং এক মাসের মধ্যে সিরিয়াল ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

নৌপরিবহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একসঙ্গে প্রায় ৫০টি জাহাজ পরিচালনার সক্ষমতা রয়েছে। কিন্তু একই সময়ে প্রায় ৮০টি মাদার ভেসেল অবস্থান করলে লাইটার জাহাজের সংকট তৈরি হয়। তিনি বলেন, নদীবন্দরের জেটিগুলোতে পর্যাপ্ত অবকাঠামো ও পণ্য ওঠানো-নামানোর আধুনিক সরঞ্জাম নেই। ফলে অনেক ক্ষেত্রে শ্রমিকদের মাধ্যমে হাতে পণ্য খালাস করতে হয়। এতে একটি লাইটার জাহাজের পণ্য খালাসে আট থেকে ১০ দিন পর্যন্ত সময় লাগছে। পণ্য খালাসের গতি বাড়াতে আধুনিক সরঞ্জাম ও নদীবন্দরের অবকাঠামো উন্নয়ন প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ভোগ্যপণ্য আমদানিকারক মো. মহিউদ্দিন জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও দাউদকান্দি এলাকার ওজন নিয়ন্ত্রণকেন্দ্রে ১৩ টনের বেশি পণ্যবাহী ট্রাক চলাচলে সীমাবদ্ধতা রয়েছে। এ কারণে আমদানিকারকদের একটি অংশ পণ্য পরিবহনে নৌপথের ওপর নির্ভর করছেন। আমদানি বৃদ্ধির সঙ্গে এ প্রবণতা লাইটার জাহাজের চাহিদা বাড়িয়েছে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের হিসাবে, পণ্য খালাসে বিলম্বের কারণে জাহাজের আকারভেদে আমদানিকারকদের প্রতিদিন ১৫ হাজার থেকে ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ডেমারেজ দিতে হতে পারে।


সংবাদটি শেয়ার করুন....