
গুলশান-বনানী-বারিধারা লেকের পানি দূষণ রোধসহ লেককে কেন্দ্র করে নাগরিক সুবিধা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে গুলশান-বনানী-বারিধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে এই বৈঠক হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্যবর্ধন এবং লেককে কেন্দ্র করে নাগরিক সুবিধা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।
বৈঠকে অন্যদের মধ্যে গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের প্রতিনিধি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।

