ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

পারমাণবিক অস্ত্র নির্মূল নাকি মহাবিপর্যয়, কোন পথে যাবে বিশ্ব: মেলিসা পার্ক

মেলিসা পার্ক
নভেম্বর ২৭, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

স্নায়ুযুদ্ধের পর থেকে- কিংবা হয়তো পুরো ইতিহাসের মধ্যেই- বিশ্ব এখন ইচ্ছাকৃত বা অনাকাঙ্ক্ষিত পারমাণবিক সংঘাতের সবচেয়ে বড় ঝুঁকির মুখে রয়েছে।

পারমাণবিক যুদ্ধের হুমকি সংবাদপত্রের শিরোনাম থেকে হয়তো কিছুটা সরে গেছে, কিন্তু স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই এটি মিলিয়ে যায়নি। ১৯৯০-এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামনে পারমাণবিক অস্ত্র নির্মূল করার একটি সুযোগ এসেছিল, যখন পারমাণবিক শক্তিধর দেশ ছিল মাত্র ৫টি; কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগায়নি।

আজকের বাস্তবতায় দেখা যায়, এই দুটি দেশ- যাদের হাতে সম্মিলিতভাবে বিশ্বের প্রায় ৯০ শতাংশ পারমাণবিক অস্ত্র রয়েছে- পারমাণবিক অস্ত্রহীন দুটি দেশ ইউক্রেন ও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে। আগ্রাসী দেশ দুটির নেতা, প্রেসিডেন্ট পুতিন ও ট্রাম্প, পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন।

এটি উদ্বেগের বিষয় যে, এই হুমকিগুলো সংবাদমাধ্যমে স্থান পেলেও দ্রুত শিরোনাম থেকে হারিয়ে গেছে। তবে সুখবর হলো, বিশ্বের বাকি অংশ এই চলমান অস্তিত্বগত হুমকির বিরুদ্ধে রুখে দাড়াচ্ছে- বড় কোনো বিক্ষোভের মাধ্যমে নয়, বরং নীরব বহুপাক্ষিক কূটনীতি এবং আমার সংগঠন আইক্যান-সহ সুশীল সমাজের অব্যাহত প্রচারণার মাধ্যমে।

পুতিন ও ট্রাম্প সম্প্রতি তাদের চীনা প্রতিপক্ষ শি জিনপিংয়ের সাথে- যিনি বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারের অধিকারী- প্রথমবারের মতো একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। তারা পুনর্ব্যক্ত করেছেন, পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া যায় না ও এটি কখনোই লড়া উচিত নয়। কিন্তু তাদের ঘোষণায় নতুন কিছু নেই; শুধু এটুকুই বলা হয়েছে, তারা পারমাণবিক ঝুঁকি কমানো ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ নিয়ে আলোচনা করবেন।

নতুন করে প্রতিযোগিতায় নামা পারমাণবিক অস্ত্রধারী শক্তিগুলোর এই বিশ্বে আমরা কীভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করব, আজকের এই প্রশ্নটির মূল রয়েছে সেই একই পুরোনো প্রশ্ন, যার মুখোমুখি আমরা পারমাণবিক বোমা উদ্ভাবনের পর থেকেই হয়ে আসছি- মানবজাতির জন্য এই অস্ত্রগুলো যে অবিরাম হুমকি তৈরি করছে, তার মোকাবিলা আমরা কীভাবে করব?

পারমাণবিক ‘ডিটারেন্স’ বা প্রতিরোধ তত্ত্বের কোনো বিকল্প নেই বলে পারমাণবিক অস্ত্রধারী সংখ্যালঘু দেশগুলোর অনড় অবস্থান সত্ত্বেও, আমরা এক কূটনৈতিক প্রচেষ্টার অংশ যা বিশ্বকে একটি বিকল্প পথ দেখাচ্ছে। ক্ষমতাধর দেশগুলো চাইলে অন্ধভাবে ‘প্রতিরোধ তত্ত্ব’ বিশ্বাস ধরে রাখতে পারে- এমন এক মানব আচরণ তত্ত্ব যা কোনো প্রমাণ দিয়ে সমর্থিত নয় এবং যা আমাদের একাধিকবার বিপর্যয়ের কিনারায় নিয়ে গেছে। অথবা দেশগুলো এসব অস্ত্র চিরতরে সম্পূর্ণ নির্মূল করতে সম্মত হতে পারে।

‘প্রতিরোধ তত্ত্ব’ টিকে আছে লাখ লাখ নিরীহ মানুষকে হত্যার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষমতা ও ইচ্ছার ওপর। স্বল্প সময়ের নোটিশে ব্যবহারে জন্য প্রস্তুত ও মোতায়েন থাকা চার হাজার পারমাণবিক অস্ত্রের রূপে এই বিপদ প্রতি মুহূর্তেই ওত পেতে আছে- যা আমাদের পরিচিত সভ্যতাকে বহুবার ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এটি একটি সংখ্যালঘু গোষ্ঠীর বর্তমান পছন্দের পথ- যাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে সেই ৯টি দেশ ও তাদের পারমাণবিক অস্ত্র সমর্থনকারী মিত্রদের, মূলত ন্যাটোভুক্ত দেশগুলোর পছন্দ।

পারমাণবিক অস্ত্র বিলুপ্ত করার বিকল্প পথটি ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে, যদিও এটি নিয়ে ততটা আলোচনা হয় না। এটি বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের পছন্দ এবং এর রূপ দেখা যায় পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে- যা জাতিসংঘের পারমাণবিক নিষেধাজ্ঞা চুক্তি (টিপিএনডাব্লিউ) নামে পরিচিত, যাতে ইতিমধ্যে ১০১টি দেশ স্বাক্ষর করেছে বা অনুসমর্থন দিয়েছে।

এই চুক্তি পারমাণবিক অস্ত্র ও এর সঙ্গে জড়িত সব ধরনের কর্মকাণ্ড সরাসরি নিষিদ্ধ করে এবং আন্তর্জাতিক আইনে এমন এক নতুন মানদণ্ড তৈরি করেছে, যা জৈব ও রাসায়নিক অস্ত্রের মতোই পারমাণবিক অস্ত্রকেও অগ্রহণযোগ্য করে তোলে।

দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে জাতিসংঘের নিউ ইয়র্ক দপ্তরে শিগগিরই এই চুক্তির প্রথম পর্যালোচনা সম্মেলন বসতে যাচ্ছে- এমন একটি দেশ, যারা কীভাবে পারমাণবিক অস্ত্র নির্মূল করা যায় তা নিজেরাই করে দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। ১৯৭০-এর দশকে বর্ণবাদী দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের সহায়তায় একটি পারমাণবিক অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছিল, কিন্তু ১৯৯০-এর দশকে আন্তর্জাতিক তত্ত্বাবধানে স্বেচ্ছায় তা পুরোপুরি ধ্বংস করে ফেলে।

এই সম্মেলনে চুক্তিটি এখন পর্যন্ত কীভাবে কার্যকর হয়েছে তা খতিয়ে দেখা হবে এবং এটিকে কীভাবে আরো শক্তিশালী করা যায় তা নির্ধারণ করা হবে। এ বছরের শুরুর দিকে হওয়া নিউক্লিয়ার নন-প্রলিফারেশন ট্রিটি (এনপিটি)-এর পর্যালোচনা সম্মেলনের মতো- যা টানা তৃতীয়বারের মতো কোনো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল- এই সম্মেলনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আশা করা হচ্ছে। পারমাণবিক নিরস্ত্রীকরণের গুরুত্ব এবং সংঘাতে পারমাণবিক অস্ত্র আবারো ব্যবহৃত হওয়ার ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে একটি শক্তিশালী রাজনৈতিক ঘোষণা দেওয়া হবে, যেখানে সব দেশের জন্য এই বিপদ তৈরিতে ‘পারমাণবিক প্রতিরোধ’ ভূমিকার কথাও স্পষ্টভাবে বলা হবে। পাশাপাশি আরো বেশি দেশ এই সম্মেলনকে সুযোগ হিসেবে নিয়ে চুক্তিতে স্বাক্ষর বা অনুসমর্থন দিতে পারে বলেও আশা করা হচ্ছে।

টিপিএনডাব্লিউ-ভুক্ত দেশগুলো যেমনটি জানিয়েছে, প্রতিরোধ তত্ত্ব নিরাপত্তা ও স্থিতিশীলতা আনে না; বরং এটি বিশ্বে দীর্ঘস্থায়ী অনিরাপত্তা তৈরি করে। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে অনিবার্য বলে কিছু নেই। এগুলো একটি রাজনৈতিক সিদ্ধান্ত মাত্র। এগুলো মানুষের হাতে তৈরি, এবং মানুষের হাতেই এগুলো ধ্বংস করা সম্ভব- যেমনটি দক্ষিণ আফ্রিকা দেখিয়েছে।

যেসব দেশ এই চুক্তিকে সমর্থন করে কিন্তু এখনো এতে যোগ দেয়নি, তাদের এখনই যোগ দেওয়া উচিত। এতে পারমাণবিক অস্ত্রধারী নয়টি দেশ কতটা একা হয়ে পড়েছে তা আরো স্পষ্ট হবে এবং ইতিহাসের সঠিক পাশে দাঁড়াতে তাদের ও তাদের মিত্রদের ওপর চাপ আরো বাড়বে।

৬৫ বছর আগে জাতিসংঘে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট কেনেডি যে কথা বলেছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিত: “যুদ্ধের অস্ত্রগুলো আমাদের বিলুপ্ত করার আগেই সেগুলো বিলুপ্ত করতে হবে।”

লেখক: মেলিসা মার্ক হলেন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপনস (আইক্যান)-এর নির্বাহী পরিচালক; সংগঠনটি ২০১৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। এছাড়া তিনি এর আগে গাজা, কসোভা, নিউ ইয়র্ক ও লেবাননে জাতিসংঘের হয়ে কাজ করেছেন এবং অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইংরেজি থেকে অনুবাদ: মনিরুল হক ফিরোজ


সংবাদটি শেয়ার করুন....