
দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে সম্মানী ভাতা দিচ্ছে সরকার। আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের মাসিক সম্মানী এবং প্রশিক্ষণভিত্তিক কল্যাণব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক মর্যাদা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।
জনপ্রশাসন উপদেষ্টা জানান, চলতি অর্থবছরে সম্মানী কর্মসূচির আওতায় আসা ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জা।
নির্ধারিত কাঠামো অনুযায়ী, মসজিদের একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন। একইভাবে মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারে দায়িত্ব পালনকারী ধর্মীয় ব্যক্তিরাও এ কর্মসূচির আওতায় সরকারি সহায়তা পাবেন।
কর্মসূচিটি প্রথমবারের মতো পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু হয় চলতি বছরের ১৪ মার্চ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন সেবাকর্মীকে এ সুবিধার আওতায় আনা হয়।
ইসমাইল জবিউল্লাহ জানান, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ায় দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনের পর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতাদের হাতে সম্মানী তুলে দেবেন প্রধানমন্ত্রী।
সম্মানী বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারের মাধ্যমে গভর্নমেন্ট টু পারসন (জি-টু-পি) পদ্ধতি অনুসরণ করা হবে। সুবিধাভোগীদের ব্যাংক হিসাব অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে অর্থ পাঠানো হবে। সরাসরি নগদ অর্থ বিতরণের সুযোগ থাকবে না।
উপদেষ্টা বলেন, সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাই করা হচ্ছে। এতে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজার মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধবিহার এবং ১ হাজার ২০৪টি গির্জা। চলতি অর্থবছরে এসব প্রতিষ্ঠানের এক-চতুর্থাংশকে কর্মসূচির আওতায় আনা হচ্ছে। বাকি প্রতিষ্ঠানগুলো আগামী চার অর্থবছরে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, সামাজিক নিরাপত্তা ও সমঅধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। তবে প্রকৃত দায়িত্ব পালনকারীদের তালিকা তৈরি, তথ্য যাচাই এবং নিয়মিত ভাতা বিতরণে কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি।

