ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানকে পিছু হটতে বাধ্য করার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক।। দ্য স্টার নিউজ
নভেম্বর ২৭, ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

উপসাগরীয় অঞ্চলের হেঙ্গাম দ্বীপের কাছে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্কতামূলক গুলি ছুড়ে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরান। শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সমুদ্র আইন লঙ্ঘনকারী কয়েকটি জাহাজকে পাহারা ও আকাশপথে সুরক্ষা দেওয়ার সময় মার্কিন যুদ্ধবিমানটি হেঙ্গাম দ্বীপের দক্ষিণ-পূর্ব ইরানি আকাশসীমার খুব কাছাকাছি চলে আসে। এসময় ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সতর্কতামূলক গুলি ছোড়া হলে বিমানটি তীব্র বাঁক নিয়ে দ্রুত ওই এলাকা ছেড়ে চলে যায়।

হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের নিয়ম লঙ্ঘনের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইআরজিসি বলেছে, “হরমুজ প্রণালিতে নৌ-চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার বিধিবিধান এড়িয়ে যাওয়ার যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য।” মার্কিন সামরিক বিমানের মাধ্যমে পুনরায় এমন ঘটনা ঘটলে ‘চূড়ান্ত প্রতিরক্ষামূলক’ জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে বাহিনীটি।

তবে ইরানের এই দাবির বিষয়ে মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই হামলার জবাবে ইরান ইসরায়েল ও আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৮ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালিতে নৌ-চলাচল সংক্রান্ত মতবিরোধের জেরে তা থমকে যায়। কটূনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও জুলাই মাস থেকে অঞ্চলটিতে থেমে থেমে সামরিক সংঘাত চলমান রয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি


সংবাদটি শেয়ার করুন....