ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

ইইউ বাজেট চুক্তি প্রত্যাখ্যান ইতালির

আন্তর্জাতিক ডেস্ক।। দ্য স্টার নিউজ
নভেম্বর ২৭, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, বর্তমান শর্তের অধীনে তার দেশ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরবর্তী বাজেট চুক্তিতে সই করবে না। জোটের আর্থিক কাঠামো নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধ থাকায় ইইউ এখনো কোনো সমাধান থেকে অনেক দূরে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইইউর দীর্ঘমেয়াদি বাজেট নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলজিয়ামে ব্রাসেলসে জোটভুক্ত দেশগুলোর নেতারা বৈঠক বসেন। বৈঠকের ফাঁকে সাংবাদিকদের মেলোনি বলেন, “এই শর্তে আমি সই করব না। আমরা সমাধান থেকে আলোকবর্ষ দূরে আছি।”

ইতালীয় দৈনিক ‘করিয়েরে দেলা সেরা’-র প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত বাজেট কাঠামোয় ইইউ তহবিলে ইতালির চাঁদার পরিমাণ বাড়ানো হলেও, দেশটির প্রাপ্ত বরাদ্দ কমানোর কথা বলা হয়েছে। রোমের হিসাব মতে, এর ফলে আগামী সাত বছরের মেয়াদে ইতালির প্রায় ৩০০ কোটি ইউরোর আর্থিক ঘাটতি তৈরি হতে পারে।

ইতালি সরকারের দাবি, প্রস্তাবিত শর্তগুলো তাদের জন্য অগ্রহণযোগ্য। কারণ, ইইউর রাজস্ব খাতের একাধিক বিভাগে ইতালিকে আগের চেয়ে বেশি অর্থ দিতে হবে, অথচ আঞ্চলিক উন্নয়ন ও কৃষি খাতে দেশটির বরাদ্দ কমে যাবে। পাশাপাশি ইলেকট্রনিক বর্জ্য ও কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থাসহ ইইউর নিজস্ব সম্পদ খাতের অন্তত চারটি বিভাগে চাঁদা বাড়ানোর প্রস্তাবেও উদ্বেগ জানিয়েছে দেশটি।

তহবিল বন্টনের মানদণ্ডে ভারসাম্য আনার আহ্বান জানিয়ে মেলোনি বলেন, “নিজস্ব সম্পদ সংক্রান্ত নিয়মটি অন্যান্য দেশের তুলনায় ইতালিকে বেশি ক্ষতিগ্রস্ত করছে এবং তহবিল বরাদ্দের মানদণ্ডের কারণেও শেষ পর্যন্ত আমাদেরই মাশুল দিতে হচ্ছে। এসব কিছুর মধ্যে অবশ্যই ভারসাম্য আনতে হবে।”

জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেবেন না জানিয়ে ইতালির প্রধানমন্ত্রী আরো বলেন, “ইতালি এখন প্রস্তুত নয়। জাতীয় স্বার্থের প্রতিফলন ঘটায় এমন মর্যাদাপূর্ণ শর্ত নিশ্চিত হলেই কেবল ইতালি এই চুক্তিতে সই করবে।”

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি


সংবাদটি শেয়ার করুন....