ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

আবারও আর্জেন্টিনায় খেলবেন মেসি

খেলা ডেস্ক।। দ্য স্টার নিউজ
নভেম্বর ২৭, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছিলেন অক্টোবরের শুরুতে। এরপর আর আর্জেন্টিনার মাটিতে ফুটবল খেলতে দেখা যায়নি লিওনেল মেসিকে। তবে সেই অপেক্ষা শেষ হচ্ছে আগামী ২০ ডিসেম্বর। তবে কি অবসর ভেঙে আবারও আলবেসেলেস্তাদের হয়ে মাঠে নামছেন মেসি?

 

না। মেসিকে আর আর্জেন্টিনার জার্সিতে ফুটবল মাঠে দেখা যাবে না। তবে দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে খেলতে আবারও দেশের মাটিতে খেল্বেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকা।

 

বুয়েনস এইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তেভেজের বিদায়ী আয়োজন ‘আদিওস অ্যাপাচে’। মেসির অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ম্যাচটির আয়োজক কর্তৃপক্ষ। ২০২২ সালে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া তেভেজের আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচের জন্য এর চেয়ে বড় আকর্ষণ আর কী হতে পারে!

মেসির উপস্থিতি নিশ্চিত হওয়ার পর ম্যাচটি ঘিরে আগ্রহ আরও বেড়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তেভেজের বিদায়ী আয়োজনে আরও থাকছেন জুয়ান রোমান রিকেলমে, সার্জিও আগুয়েরো, মার্তিন পালার্মো, লিয়ান্দ্রো পারেদেস, জিয়ানলুইজি বুফন ও রিও ফার্দিনান্দ। অর্থাৎ আর্জেন্টিনা ও আন্তর্জাতিক ফুটবলের একঝাঁক তারকাকে একই মাঠে দেখার সুযোগ পাবেন দর্শকেরা।

 

মেসি ও তেভেজের পুনর্মিলনীর বাড়তি আবেগও আছে। আর্জেন্টিনা জাতীয় দলে একসঙ্গে খেলেছেন দুজন। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপেও ছিলেন একই দলে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তাদের একসঙ্গে খেলার স্মৃতি এখনো সমর্থকদের মনে উজ্জ্বল। এবার জাতীয় দলের পরিচয় ছাপিয়ে বন্ধুর বিদায়বেলায় আবারও একই মাঠে দেখা যাবে তাঁদের।

 

তেভেজের ক্যারিয়ারও কম বর্ণিল নয়। বোকা জুনিয়র্সের হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পর খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের মতো ক্লাবে। ইউরোপের শীর্ষ ফুটবলে সাফল্যের পাশাপাশি বোকা ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ‘এল অ্যাপাচে’ নামে পরিচিত এই সাবেক স্ট্রাইকারের বিদায়ী ম্যাচ তাই কেবল আনুষ্ঠানিকতা নয়, তার দীর্ঘ ফুটবলযাত্রার উদ্‌যাপনও।

মেসির জন্যও ম্যাচটি বিশেষ। গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি। ৩-০ গোলের জয়ে নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছিলেন আরও দুটি। সেই ম্যাচের মধ্য দিয়ে ২০ বছরের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন আর্জেন্টাইন অধিনায়ক। জাতীয় দলের বিদায়ের পর এবার ক্লাব ফুটবলের বাইরে দেশের মাটিতে আবারও খেলতে দেখা যাবে তাকে।


সংবাদটি শেয়ার করুন....