ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

আনফিট কর্মী বিদেশে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসীকল্যাণমন্ত্রী

নিউজ ডেস্ক।। দ্য স্টার নিউজ
নভেম্বর ২৭, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এমনকি আনফিট কর্মীকে ফিট দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল করা হতে পারে বলেও জানান তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুর পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার শূন্য খরচে (জিরো কস্ট) কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে গতকাল ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ তারিখে আরও একটি দল মালয়েশিয়া যাবে।

তিনি বলেন, বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল ফার্ম গঠনের কাজ চলছে। যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার চেষ্টা করছে। বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, বিদেশে নিহত প্রত্যেক প্রবাসীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা করার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের চিকিৎসাসেবা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, যে দেশে অবস্থান করছেন, সে দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে।

বৃহত্তর সিলেটের উন্নয়ন প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, বাতিল হয়ে যাওয়া সিলেট-তামাবিল ছয় লেনের সড়ক প্রকল্প পুনরায় চালু করা হয়েছে। জৈন্তাপুরকে ইতোমধ্যে পৌরসভায় উন্নীত করা হয়েছে। পর্যটনকেন্দ্র জাফলং ও তামাবিলে পর্যটকদের জন্য আধুনিক রেস্টরুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আগামী জানুয়ারির মধ্যেই দৃশ্যমান হবে। পাশাপাশি সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

শিক্ষার সুযোগ নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী বলেন, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে দেওয়া হবে না। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবনসহ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....