
রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে দুই ব্যক্তি একজনকে কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন হোটেলের আরো দুই কর্মচারী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মধ্যরাত ২টার দিকে ঘটনাটি ঘটে। ওয়ারী থানার এসআই আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি নাইমুর রহমান আবাসিক ওই হোটেলটির ম্যানেজার ছিলেন।
আহতরা হলেন- হোটেলের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) এবং কর্মচারী হাসান (২৬)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাত ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে অবস্থিত ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে প্রবেশ করে হামলাকারীরা। তাদের ধারালো অস্ত্রের কোপে হোটেলের ম্যানেজার নাঈমুর রহমান গুরুতর আহত হন। তার চিৎকার শুনে এগিয়ে এলে হোটেলের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক এবং কর্মচারী হাসানকেও কুপিয়ে আহত করা হয়।
আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।
আহত আব্দুর রাজ্জাকের পিঠে ও হাসানের পেটে গুরুতর জখম রয়েছে। ঢামেকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়ারী থানার এসআই আল আমিন মিয়া জানান, হোটেলের সামনে মুরগির দোকান বসানোকে কেন্দ্র করে বা পূর্বশত্রুতার জেরে স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে দেশীয় অস্ত্র নিয়ে হোটেলে ঢুকে হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

