ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

সাইবার হামলার শিকার ফিফা

খেলা ডেস্ক।। দ্য স্টার নিউজ
নভেম্বর ২৭, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওপর সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি হয়েছে বলে নিশ্চিত করেছে ফিফা।এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করে সংস্থাটি জানিয়েছে, হ্যাকাররা তাদের কিছু গোপন নথিতে অননুমোদিত প্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে ফিফা।

বিবৃতিতে ফিফা জানায়, এটি একটি অপরাধমূলক সাইবার হামলা। এর মাধ্যমে সংস্থাটির সীমিতসংখ্যক ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য চুরি ও তা প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ফিফার বিবৃতিতে বলা হয়, ‘ব্যক্তিগত তথ্যসহ বিভিন্ন নথি অবৈধভাবে সংগ্রহ ও প্রকাশের ঘটনাকে ফিফা কঠোরভাবে নিন্দা জানাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন।’

এদিকে প্রাথমিক তথ্য অনুযায়ী, ফিফার নিজস্ব প্রযুক্তিগত অবকাঠামো কিংবা অভ্যন্তরীণ সিস্টেমের নিরাপত্তা দুর্বলতার কারণে এ হামলা হয়নি। বরং হ্যাকাররা ফিফার কর্মীদের পরিচয় ধারণ করে এবং তাদের বিশ্বাসকে কাজে লাগিয়ে সংস্থাটির গুরুত্বপূর্ণ নথিতে প্রবেশের সুযোগ পায় বলে অভিযোগ উঠেছে।

‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামে একটি হ্যাকার গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। অনলাইনে ফিফার বিভিন্ন নথির স্ক্রিনশট প্রকাশের পাশাপাশি প্রায় ১২ গিগাবাইট তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে গোষ্ঠীটি।

তবে প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, চুরি হওয়া তথ্যের পরিমাণ ফিফার কাছে সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম। হামলাটি মূলত ফিফার সাংগঠনিক তথ্যভান্ডারকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সংশ্লিষ্ট একটি বিতর্কিত প্রস্তাবের নথি অবশ্য চুরি হয়নি বলে জানা গেছে। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনার সঙ্গে যুক্ত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবটি নিয়ে আগে থেকেই বিতর্ক ছিল। তবে সাইবার হামলায় ওই সংক্রান্ত কোনো নথি জড়িত ছিল না।

এদিকে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান ডেবি হিউইট এ সপ্তাহে সংশ্লিষ্ট নথিগুলো দেখার অনুমতি পেয়েছেন বলে জানা গেছে। তবে এজন্য তাকে তথ্য প্রকাশ না করার চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছে।

সাইবার হামলার ঘটনায় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায়। তদন্তের মাধ্যমে চুরি হওয়া তথ্যের প্রকৃত পরিমাণ, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়গুলো স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন....