ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

বল টেম্পারিংয়ের অভিযোগে ফেঁসে যাচ্ছেন লায়ন

খেলা ডেস্ক।। দ্য স্টার নিউজ
নভেম্বর ২৭, ২০২৬ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

কেপটাউন টেস্টের সেই কলঙ্কিত বল টেম্পারিং কাণ্ড নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন করে বিতর্কের মধ্যেই সামনে এল আরও পুরোনো এক ঘটনা। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টে বলের আকৃতি পরিবর্তনের উদ্দেশ্যে মিন্ট ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার এক সিনিয়র ক্রিকেটার, এমন অভিযোগগ উঠেছে। এবার সেই ক্রিকেটারের নাম প্রকাশ্যে এসেছে। তিনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন।

অস্ট্রেলীয় সাংবাদিক জেরার্ড হোয়াটলি তার প্রতিবেদনে প্রথমে ওই ক্রিকেটারের নাম প্রকাশ না করলেও জানিয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট চলাকালে ড্রেসিংরুমে মিন্ট খুঁজছিলেন দলের এক সিনিয়র সদস্য। তার মুখে শোনা গিয়েছিল, ‘মিন্ট আছে কার কাছে? বলের কাজটা আজ কে করবে?’

২০১৮ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি খেলেছিল অস্ট্রেলিয়া। এর মাত্র ছয় মাস আগে দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টায় ধরা পড়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। সেই ঘটনায় স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার ১২ মাস এবং ব্যানক্রফট ৯ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন।

হোয়াটলির প্রতিবেদনের কয়েক দিন পর অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের নতুন প্রতিবেদনে মিন্ট ব্যবহারের প্রস্তাব দেওয়া সেই ক্রিকেটার হিসেবে লায়নের নাম উঠে আসে। বলা হচ্ছে, লায়নের প্রস্তাবে আপত্তি জানিয়েছিলেন সতীর্থ ট্রাভিস হেড। তার প্রতিক্রিয়া ছিল, ‘মজা করছো নাকি? সেই কাজ আর করছি না আমরা!’

ঘটনাটি সেখানেই থামেনি। প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি আঁচ করতে পেরে তৎকালীন অধিনায়ক টিম পেইন মাঠে মিন্ট নিয়ে যাওয়ার উদ্যোগ বন্ধ করেন। পরে দলের তৎকালীন কোচ জাস্টিন ল্যাঙ্গারও খেলোয়াড়দের কড়া ভাষায় সতর্ক করেন। তবে লায়নের মন্তব্যটি সত্যিই বল টেম্পারিংয়ের পরিকল্পনা ছিল, নাকি নিছক রসিকতা, তা এখনো স্পষ্ট নয়। এ অভিযোগের বিষয়ে লায়নের পক্ষ থেকেও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে নতুন অভিযোগ সামনে আসার দিনেই অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড সিরিজের দল থেকে লায়নের বাদ পড়ার খবর এসেছে। তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম। সাম্প্রতিক পারফরম্যান্স ও দলীয় কৌশলই তার বাদ পড়ার কারণ বলে ধারণা করা হচ্ছে। ৩৯ বছর বয়সী এই স্পিনার গত ১৮ মাসে তিনবার অস্ট্রেলিয়ার একাদশ থেকে বাদ পড়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরের শেষ দিকে উইকেট পেতেও সংগ্রাম করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে ৫৭৭ উইকেট নেওয়া লায়নের ভবিষ্যৎ নিয়ে তাই এমনিতেই প্রশ্ন উঠেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ শুরু হবে ৯ ডিসেম্বর, পার্থে। তবে দল ঘোষণার আগেই তাঁর বাদ পড়ার খবর সামনে এসেছে।


সংবাদটি শেয়ার করুন....